১. অনুমতি ব্যতীত অন্যের ফাইল, গোপন তথ্য সংগ্রহ না করা।
২. কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি না করা।
৩. প্রযুক্তি ব্যবহার করে অন্যের ওপর হস্তক্ষেপ না করা।
৪. চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা।
৫. মিথ্যা সাক্ষ্য প্রমাণ দলের জন্য কম্পিউটারকে ব্যবহার না করা।
৬. লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার বা কপি না করা।
৭. বিনা অনুমতিতে কম্পিউটার-সংক্রান্ত অন্যের রিসোর্স ব্যবহার না করা।
৮. অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফল আত্মসাৎ না করা।
৯. তথ্য প্রযুক্তির খারাপ দিক চিন্তা করে প্রোগ্রাম রচনা করা।
১০. কম্পিউটার ব্যবহারের নৈতিক বিচার-বিবেচনা করা এবং শ্রদ্ধা প্রদর্শন করা।
বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের কারণে ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে সাইবার ক্রাইমও বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংঘটিত হয় তা সাইবার ক্রাইম নামে পরিচিত।
কয়েকটি সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করা হলো-
ক্ষতিকারক ভাইরাস (Virus)
ভাইরাস হলো এক ধরনের অজানা ক্ষতিকারক প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও বংশ বৃদ্ধি করে কম্পিউটারে রক্ষিত অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে দেয়। ১৯৮০ সালে প্রখ্যাত গবেষক “ফ্রেড কোহেন” কম্পিউটারের এই ক্ষতিকারক প্রোগ্রামের নামকরণ করেন VIRUS। VIRUS শব্দের পূর্ণরূপ হচ্ছে Vital Information Resources Under Siege. কয়েকটি উল্লেখযোগ্য কম্পিটউটার ভাইরাস হলো- Trojan horse, Abraxas, Melissa, The Anna Kournikova, My Doom ইত্যাদি।
স্প্যামিং (Spamming)
ই-মেইল অ্যাকাউন্টে প্রায়ই কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয় মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তির কারণ ঘটায়। এ সমস্ত মেইলকে স্প্যাম বলে। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্চিত এসব ই-মেইল বা মেসেজ পাঠানোকে বলা হয় স্প্যামিং। যারা স্প্যামিং করে তাদের বলা হয় স্প্যামার। স্প্যামাররা বিভিন্ন ওয়েবসাইট বা কোনো গ্রুপের মেসেজ বোর্ড থেকে ব্যবহারকারীর ই-মেইল অ্যাড্রেস সংগ্রহ করে এই ধরনের অবাঞ্ছিত বা প্রতারণামূলক মেসেজ পাঠায়।
স্পুফিং (Spoofing)
স্পুফিং এক ধরনের প্রতারণা। এই প্রক্রিয়ায় হ্যাকাররা প্রেরক ঠিকানা মডিফাই করে কাউকে কোনো কিছু পাঠিয়ে থাকে। ফলে যাকে পাঠানো হয় সে বুঝতে পারে না যে এটি নকল, আর এই সুযোগটাকে হ্যাকার কাজে লাগায়। সাধারণত হ্যাকাররা নিজেদের ইনফরমেশন হাইড করতে কিংবা প্রতারণার উদ্দেশ্যে স্পুফিং করে থাকে। বিভিন্ন সিস্টেমে স্পুফিং করা হয়, যেমন- Caller ID spoofing, IP spoofing, E-mail spoofing, MAC Spoofing ইত্যাদি।
ফিশিং (Phishing)
ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রতারণার নাম ব্যবহার করে ছদ্মবেশ ধারণকে ফিশিং বলা হয়। যেমন- ধরা যাক, একজন প্রতারক কোনো ই-মেইল প্রদানকারী কোম্পানির লাইন ব্যবহার করে নকল একটি ওয়েবসাইট তৈরি করে। এরপর প্রতারক সেই ফিশিং সাইটের লিংক ব্যবহারকারীকে দিল, আর ব্যবহারকারী সেটিকে প্রকৃত সাইট মনে করে তার নিজের আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করলো। এতে উক্ত লগইন ডেটাগুলো প্রতারকের কাছে পৌঁছে যাবে। এই প্রতারণামূলক কাজই হলো ফিশিং।
হ্যাকিং
হ্যাকিং হলো অনুমতি ছাড়া কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডিভাইসে প্রবেশ বা নিয়ন্ত্রণ করার চেষ্টা। যারা এই কাজ করে, তাদের হ্যাকার বলা হয়। হ্যাকিংয়ের উদ্দেশ্য বিভিন্ন হতে পারে: তথ্য চুরি (ব্যক্তিগত, ক্রেডিট কার্ড, ব্যবসার গোপন তথ্য), সিস্টেম নষ্ট করা (কার্যকারিতা ব্যাহত করা বা ডেটা মুছে ফেলা), গুপ্তচরবৃত্তি, অর্থ আত্মসাৎ (ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া) অথবা বিনোদন বা চ্যালেঞ্জ (শুধু দক্ষতা প্রমাণের জন্য)। সাধারণত কম্পিউটার কোড, সফটওয়্যারের দুর্বলতা বা নেটওয়ার্কের ত্রুটি খুঁজে বের করে হ্যাকিং করা হয়।
সাইবার আক্রমণ (Cyber Attack)
সাইবার আক্রমণ হলো কোনো কম্পিউটারের নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা ও কোনো ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধিকে ট্র্যাক করা অর্থাৎ তাদের ফাইল, প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতি সাধন করা।
সাইবার চুরি (Cyber Stealing)
কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক অথবা ব্যক্তিগত তথ্যাদি চুরি করাই হলো সাইবার চুরি। সাইবার চুরি দুই ধরনের। যথা- ডেটা চুরি ও আইডেন্টিটি চুরি। ডেটা চুরি হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমতি ব্যতীত সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। এনক্রিপশন (ডেটাকে গোপন কোডে রূপান্তর) পদ্ধতি ব্যবহার করে ডেটা চুরি ঠেকানো তথা ডেটার গোপনীয়তা নিশ্চিত করা যায়। আর আইডেন্টিটি বা ব্যক্তি পরিচয় চুরি হলো- কারো পরিচয় ব্যবহার করে কোনো কিছু চুরি বা ক্রয় করে তার দায়ভার ওই ব্যক্তির উপর চাপানো। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার ও বিভিন্ন মাধ্যমে নিজের আইডেন্টিটি প্রদানে সতর্ক থাকা হচ্ছে এই চুরি ঠেকানোর উপায়।
সফটওয়্যার পাইরেসি
সফটওয়্যার পাইরেসি হলো কোনো সফটওয়্যারের কপিরাইট লঙ্ঘন করে সেটির অবৈধ কপি তৈরি করা, বিতরণ করা বা ব্যবহার করা। সফটওয়্যার তৈরির কোম্পানিগুলো তাদের পণ্যের লাইসেন্স বিক্রি করে অর্থ উপার্জন করে। পাইরেসির মাধ্যমে এই লাইসেন্স ছাড়াই সফটওয়্যার ব্যবহার করা হয়, যা কোম্পানির জন্য আর্থিক ক্ষতির কারণ হয়। BSA-Business Software Alliance-এর সূত্রমতে ব্যবহৃত সকল সফটওয়্যারের প্রায় ৩৬ ভাগই পাইরেটেড সফটওয়্যার।
সাধারণত যে উপায়ে সফটওয়্যার পাইরেসি হয় তা হলো-
অবৈধ কপি: বন্ধুদের মধ্যে সফটওয়্যারের কপি আদান-প্রদান করা।
ফ্ল্যাকড সফটওয়্যার: সফটওয়্যারের সুরক্ষা ব্যবস্থা ভেঙে (ক্র্যাক করা) বিনামূল্যে বা কম মূল্যে ব্যবহার করা।
ভুয়া লাইসেন্স কী: নকল লাইসেন্স কী (Product Key) ব্যবহার করে সফটওয়্যার অ্যাক্টিভেট করা।
অনঅথরাইজড ইন্সটলেশন: একটি লাইসেন্স ব্যবহার করে একাধিক ডিভাইসে সফটওয়্যার ইন্সটল করা, যেখানে একটির বেশি ইন্সটলেশনের অনুমতি নেই।
ওভারসাইজড থেকে অবৈধ ডাউনলোড: টরেন্ট বা অবৈধ ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করা।
প্লেজিয়ারিজম (Plagiarism)
প্লেজিয়ারিজম (plagiarism) হলো অন্য কারো লেখা, ধারণা, বক্তব্য, ছবি, সংগীত, বা অন্য কোনো মৌলিক কাজকে যথাযথ সম্মান না জানিয়ে ব্যবহার করে নিজের নামে চালিয়ে দেওয়া, তাদের যথাযথ স্বীকৃতি বা ক্রেডিট না দিয়ে ব্যবহার করা। সহজ কথায়, এটি হলো এক ধরনের মেধাস্বত্ব চুরি।
প্লেজিয়ারিজম বিভিন্ন ধরনের হতে পারে, কিছু প্রধান ধরন নিচে দেওয়া হলো-
ক্লোনিং প্লেজিয়ারিজম: অন্য কারো লেখা বা কাজ হুবহু কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া। যেমন- ইন্টারনেট থেকে একটি সম্পূর্ণ প্রবন্ধ ডাউনলোড করে নিজের নামে জমা দেওয়া।
রিপ্লিকা প্লেজিয়ারিজম: বিভিন্ন উৎস থেকে কপি করা অংশগুলোকে একত্রিত করে একটি নতুন ডকুমেন্ট তৈরি করা, কিন্তু মূল লেখকদের কোনো স্বীকৃতি না দেওয়া। যেমন- একাধিক ওয়েবসাইট থেকে অনুচ্ছেদ কপি করে জোড়া লাগানো।
হাইব্রিড প্লেজিয়ারিজম: সঠিকভাবে উৎস উল্লেখ করে অন্য প্রকাশিত বা কপি করা অংশের মিশ্রণ। যেমন- কিছু অংশে লেখকের দিতেও অন্য অংশে সরাসরি কপি করা।
রিসাইক্লিং প্লেজিয়ারিজম (স্ব-প্লেজিয়ারিজম): নিজেরই পূর্বে প্রকাশিত বা জমা দেওয়া কাজকে পুনরায় নতুন কাজ হিসেবে ব্যবহার করা, যেখানে পূর্ববর্তী কাজের সঠিক স্বীকৃতি থাকে না। যেমন- গত সেমিস্টারের রিপোর্ট সামান্য পরিবর্তন করে এই সেমিস্টারে জমা দেওয়া। এটিকে স্ব-চৌর্যবৃত্তি (Self-Plagiarism) ও বলা হয়।
404 এরর প্লেজিয়ারিজম: ভুল বা অস্তিত্বহীন উৎস থেকে উদ্ধৃতি বা রেফারেন্স দেওয়া, যাতে পাঠক উক্ত উৎস না পায়। যেমন- লেখার শেষে এমন বই বা ওয়েবসাইটের লিংক দেওয়া যা আসলে নেই।
Aggregator বা একীভূতকরণ প্লেজিয়ারিজম: একাধিক উৎস থেকে তথ্য নেওয়া এবং সমস্ত উৎসের উল্লেখ করা হলেও, লেখক নিজের কোনো নতুন বিশ্লেষণ বা মন্তব্য থাকে না। এটি কেবল তথ্যের সমষ্টি, কোনো মূল কাজ থাকে না। যেমন- বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে রেফারেন্সসহ যোগ করা কিন্তু নিজস্ব মতামত না দেওয়া।
রি-টুইট প্লেজিয়ারিজম: অন্যের ধারণাকে নিজের মতো করে ব্যাখ্যা বা প্যারাফ্রেজ করার পরও সেটি অন্য কোনো মূল কনটেন্ট এর কাঠামো বা শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া। এক্ষেত্রে মূল কনটেন্ট লেখকের স্বীকৃতি থাকে না। যেমন- বন্ধুর চমৎকার ধারণাকে নিজের ভাষায় নতুন করে লেখা, কিন্তু বন্ধুর নাম উল্লেখ না করা।
Ctrl+C প্লেজিয়ারিজম: কম্পিউটারের 'কপি-পেস্ট' ফাংশনের মাধ্যমে কোনো লেখা বা অংশকে হুবহু কপি করে নিজের বলে চালিয়ে দেওয়া। যেমন- অনলাইন আর্টিকেল থেকে অনুচ্ছেদ কপি করে নিজের ডকুমেন্টে পেস্ট করা।
ফাইন্ড-রিপ্লেস প্লেজিয়ারিজম: মূল লেখার কিছু শব্দ বা বাক্যাংশ সমার্থক শব্দ দিয়ে প্রতিস্থাপন করা, কিন্তু লেখার কাঠামো এবং মূল ধারণা একই রাখা। (যেমন- ইংরেজি প্রবন্ধের কিছু শব্দ সমার্থক শব্দ দিয়ে বদলে দেওয়া, কিন্তু বাকি কাঠামো একই রাখা)।
ম্যাশআপ প্লেজিয়ারিজম: রিমিক্স প্লেজিয়ারিজমের মতোই, যেখানে একাধিক উৎস থেকে কপি করা টেক্সটকে একসাথে মিশ্রিত করা হয়। তবে এতে প্রায়শই বিভিন্ন ফরম্যাটের (যেমন- টেক্সট, অডিও, ভিডিও) অংশও একত্রিত করা হয়। (যেমন- অনলাইন ফোরামের মন্তব্য, ব্লগ পোস্ট ও ইউটিউব ভিডিওর ট্রান্সক্রিপ্ট থেকে বাক্য নিয়ে নতুন রিপোর্ট তৈরি করা, ক্রেডিট না দিয়ে)।
প্লেজিয়ারিজমের কারণসমূহ:
১. ধারণা বা জ্ঞানের অভাব: কখন ও কীভাবে অন্যের কাজকে সঠিকভাবে উদ্ধৃতি বা রেফারেন্স দিতে হয় এবং উদ্ধৃতি বা উৎস উল্লেখ না করে কারও লেখা ব্যবহার যে অপরাধ সে সম্পর্কে ধারণা না থাকা। প্যারাফ্রেজিং বা সারাংশ লেখার নিয়ম না জানা।
২. কপি-পেস্ট ফাংশনের ব্যবহার: বর্তমানে কপি-পেস্ট (copy-paste) ফাংশন ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেট বা অন্য কোনো উৎস হতে যেকোনো লেখা বা আর্টিকেল আংশিক বা সম্পূর্ণ কপি করে নিজের কাজে যুক্ত করা যায়।
৩. উচ্চ গ্রেড বা ভালো ফলাফলের চাপ: ভালো নম্বর পাওয়ার আকাঙ্ক্ষা বা ব্যর্থতার ভয়ে অনেকে প্লেজিয়ারিজমের আশ্রয় নেয়।
৪. অলসতা বা পরিশ্রম না করার প্রবণতা: নিজের চিন্তাভাবনা, সময়, মেধা ও শ্রম ব্যয় না করে সহজ পথে বেছে নেওয়া।
৫. বিষয়ের প্রতি অনীহা: নির্দিষ্ট কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার বিষয়ে আগ্রহ না থাকলে অনেকে প্লেজিয়ারিজম করে।
৬. ধরা না পড়ার সম্ভাবনা: অনেকে মনে করে তাদের প্লেজিয়ারিজম ধরা পড়বে না।
৭. গবেষণা দক্ষতার অভাব: সঠিকভাবে তথ্য সংগ্রহ, নোট নেওয়া এবং সেগুলোকে নিজের লেখায় অন্তর্ভুক্ত করার দক্ষতার অভাব।
প্লেজিয়ারিজম শনাক্তকরণের উপায়সমূহ:
প্লেজিয়ারিজম শনাক্তকরণ আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণা এবং প্রকাশনা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি নিশ্চিত করে যে মৌলিক কাজকে সম্মান জানানো হচ্ছে এবং একাডেমিক সততা বজায় থাকছে। প্লেজিয়ারিজম শনাক্তকরণের জন্য বিভিন্ন পদ্ধতি ও টুলস ব্যবহার করা হয়।
স্বয়ংক্রিয় প্লেজিয়ারিজম চেকার সফটওয়্যার: এটি প্লেজিয়ারিজম শনাক্তকরণের সবচেয়ে প্রচলিত এবং কার্যকর টুল। এই সফটওয়্যারগুলো ব্যবহার করে জমা দেওয়া লেখাগুলোকে লক্ষ লক্ষ অনলাইন উৎস (ওয়েবসাইট, ব্লগ, অনলাইন বই), একাডেমিক ডেটাবেজ, গবেষণা প্রবন্ধ এবং পূর্বে জমা দেওয়া অ্যাসাইনমেন্টের সাথে তুলনা করে। সফটওয়্যারটি লেখাটিতে কোথায় কোথায় প্লেজিয়ারিজম ঘটেছে এবং মূল লেখার সাথে তার মিলের পরিমাণ দেখিয়ে দেয়। যদি কোনো বাক্য বা অনুচ্ছেদ অন্য কোনো উৎসের সাথে হুবহু মিলে যায় (সংশোধনসহ) তাহলে সফটওয়্যারটি সেটি চিহ্নিত করে দেয় এবং মিলের সূত্রও দিয়ে দেয়। যেমন- Grammarly, Plagium, Plagiarismchecker, Quetext, Turnitin, Copyscape, PlagScan ইত্যাদি জনপ্রিয় প্লেজিয়ারিজম চেকার টুলস।
ম্যানুয়াল পরীক্ষা বা শিক্ষকদের পর্যালোচনা; অভিজ্ঞ শিক্ষক বা গবেষকরা লেখার শৈলীতে অসামঞ্জস্য, অদ্ভুত রেফারেন্স, তথ্যের গরমিল, উদ্ধৃতি চিহ্নের অভাব, বা প্রমাণভিত্তিক উৎস যাচাই করে প্লেজিয়ারিজম চিহ্নিত করতে পারেন।
গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের ব্যবহার; সন্দেহজনক বাক্য বা অনুচ্ছেদ সরাসরি গুগল সার্চ করে অন্য কোনো ওয়েবসাইটে তার উপস্থিতি যাচাই করা যায়।
ডেটাবেজ ও আর্কাইভের ব্যবহার: শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থাগুলো তাদের নিজস্ব ডেটাবেজ ব্যবহার করে নতুন কাজকে সংরক্ষিত কাজের সাথে তুলনা করে আত্ম-প্লেজিয়ারিজম শনাক্ত করে।
শিক্ষার্থীর সাথে মৌখিক আলোচনা: কোনো অ্যাসাইনমেন্টে প্লেজিয়ারিজমের সন্দেহ হলে শিক্ষক শিক্ষার্থীর সাথে মৌখিক আলোচনা করে লেখার উৎস বা ধারণা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। যদি শিক্ষার্থী তার লেখা সম্পর্কে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে না পারে, তবে তা প্লেজিয়ারিজমের ইঙ্গিত হতে পারে।
লেখার গভীর বিশ্লেষণ: বিশেষজ্ঞরা লেখার ব্যাকরণ, বানান, শব্দভান্ডার এবং বাক্য গঠনের বিশ্লেষণ করে লেখকের পরিচিত স্টাইলের সাথে নতুন লেখার পার্থক্যের মাধ্যমে প্লেজিয়ারিজম শনাক্ত করতে পারেন।
প্লেজিয়ারিজম ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করে, যার নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী। নিচে এর প্রধান সমস্যাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো:
শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব: বর্তমানে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি প্লেজিয়ারিজমের ঘটনা পরিলক্ষিত হয়। শিক্ষার মূল উদ্দেশ্য হলো উচ্চতর চিন্তন দক্ষতা তথা যেকোনো বিষয়ে বিশ্লেষণ, মূল্যায়ন, সংক্ষেপণ বা নতুন ধারণা প্রবর্তন করার দক্ষতা অর্জন করা। প্লেজিয়ারিজম এই দক্ষতা অর্জনের কাজকে বাধাগ্রস্থ করে। শিক্ষার্থী তার নিজস্ব চিন্তা, মেধা ও সৃজনশীলতাকে কাজে না লাগিয়ে সহজে লেখা কপি করার পথকে বেছে নেয়, যা তার দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করে। এছাড়া প্লেজিয়ারিজম শিক্ষার্থীর শিক্ষাজীবনকেও ক্ষতিগ্রস্থ করে। যেমন- প্লেজিয়ারিজম ধরা পড়লে কোর্সে অকৃতকার্য হওয়া বা বহিষ্কারের মত ঘটনাও ঘটে থাকে। তাই শিক্ষাক্ষেত্রে প্লেজিয়ারিজম বর্তমানে একটি জটিল সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।
পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব: প্লেজিয়ারিজম ধরা পড়লে পেশাগত কাজে প্লেজিয়ারিজম প্রমাণিত হলে চাকরিচ্যুত, পেশাগত বিশ্বাসযোগ্যতার অভাব, এবং আইনানুগ জটিলতা ও আর্থিক জরিমানা হতে পারে। এটি সাংবাদিক, লেখক, গবেষক বা শিক্ষকদের মতো পেশাজীবীদের জন্য অত্যন্ত গুরুতর অপরাধ।
সৃজনশীলতা ও মৌলিকতার অভাব: প্লেজিয়ারিজম ব্যক্তিকে নিজস্ব চিন্তা ও গবেষণা থেকে দূরে সরিয়ে দেয়, সৃজনশীলতার বিকাশ ব্যাহত করে এবং মৌলিক কাজ করার প্রেরণা নষ্ট করে।
আর্থিক ক্ষতি: প্লেজিয়ারিজমের ফলে প্রকৃত স্রষ্টা বা লেখক বা কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়, কারণ তাদের মেধার যথাযথ মূল্য পরিশোধ করা হয় না।
আস্থার অভাব: প্লেজিয়ারিজমের মাধ্যমে সামগ্রিক সাফল্য পেলেও, পরবর্তীতে ব্যক্তির নিজের প্রতি আস্থার অভাব হয়।
নৈতিক অবক্ষয়: ইচ্ছাকৃত প্লেজিয়ারিজম সততা ও নৈতিকতার চরম লঙ্ঘন। এর ফলে ব্যক্তি মিথ্যাচার ও অসততার পথে পরিচালিত হয়, যা সমাজের মৌলিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্থ করে।
শ্রম ও মেধা ব্যবহারের অনিচ্ছা: প্লেজিয়ারিজম ব্যক্তি নিজের শ্রম, মেধা ও সময় ব্যবহার করে কাজ করার প্রতি অনিহা তৈরি হয়। এতে ব্যক্তির শ্রমবিমুখতা তৈরি ও মেধাভিত্তিক অপচয় হয়।
গবেষণা ও জ্ঞানের অগ্রগতির পথে বাধা: গবেষণায় প্লেজিয়ারিজম হলে ভুল বা মিথ্যা তথ্য সমাজে ছড়িয়ে পড়তে পারে এবং মৌলিক গবেষণার পরিবর্তে নকল কাজ উৎসাহিত হয়, যা জ্ঞানের অগ্রগতিকে বাধাগ্রস্থ করে।
প্রকাশনা সংস্থার বিশ্বাসযোগ্যতা হারানো: প্লেজিয়ারিজমযুক্ত লেখা প্রকাশ করলে প্রকাশনা সংস্থার সুনাম ও বিশ্বাসযোগ্যতা হ্রাস হয়।
প্লেজিয়ারিজম শুধুমাত্র একটি ভুল নয়, এটি একটি গুরুতর অপরাধ ও অপরিপূর্ণমূলক কাজ যা ব্যক্তি ও সমাজের জন্য সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলে।
Post a Comment