AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় কক্ষ পরিদর্শক বা কক্ষ প্রত্যক্ষবেক্ষকের করণীয়।

এসএসসি ও এইচএসসি বোর্ড পরীক্ষায় কক্ষ পরিদর্শক বা কক্ষ প্রত্যক্ষবেক্ষকের পরীক্ষা পরিচালনার ২৫ নং অনুচ্ছেদ অনুযায়ী যা করণীয় রয়েছে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই পোস্টে।


কক্ষ পরিদর্শকের করণীয়

২৫। কক্ষ প্রত্যক্ষবেক্ষকের করণীয়:

২৫.১. কক্ষ প্রত্যক্ষবেক্ষক হল সুপারের নিকট থেকে প্রয়োজনীয় সংখ্যক সৃজনশীল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, বহুনির্বাচনি/নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্র এবং স্বাক্ষর লিপি সংগ্রহ করে পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে উপস্থিত হবেন।
২৫.২. কক্ষ প্রত্যক্ষবেক্ষক পরীক্ষার্থীদেরকে উত্তরপত্রের উভয় পৃষ্ঠায় লিখার এবং বৃত্ত ভরাটের নিয়মাবলি বিশেষভাবে জ্ঞাত করাবেন।
২৫.৩. পরীক্ষা আরম্ভ হওয়ার ১৫ (পনের) মিনিট পূর্বে কক্ষ প্রত্যক্ষবেক্ষক পরীক্ষার্থীদের মধ্যে সৃজনশীল উত্তরপত্র ও নৈর্ব্যক্তিক (MCQ) উত্তরপত্র বিতরণ করবেন। প্রত্যেক পরীক্ষার্থী তার সৃজনশীল উত্তরপত্র ও নৈর্ব্যক্তিক উত্তরপত্র (MCQ) এর নির্ধারিত স্থানে বোর্ডের নাম, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে কাল বলপেন দিয়ে বৃত্ত ভরাট করেছে কিনা তা তিনি যাচাই করবেন। মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠা (OMR) এর পনের প্রথম পৃষ্ঠায় যথাস্থানে পরীক্ষার বিষয় (পত্রসহ), বিষয় কোড ও পরীক্ষার তারিখ পরীক্ষার্থী লিখেছে কিনা তাও তিনি যাচাই করবেন। পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের পর প্রশ্নপত্রে উল্লিখিত বিষয় কোড দেখে পরীক্ষার্থী উত্তরপত্রের কভার পৃষ্ঠায় এবং নৈর্ব্যক্তিক উত্তরপত্র (OMR) এ বিষয় কোডের নির্ধারিত বৃত্ত ভরাট করবে। যদি রোল/রেজিস্ট্রেশন নম্বর অথবা বিষয় কোড লিখতে ভুল হয় তাহলে একাটানে কেটে সঠিকটি লিখতে হবে। বৃত্ত ভরাট ভুল হলে তা ইরেজার দ্বারা ঘষামাজা না করে বা ব্লেড দ্বারা না মুছে বা সাদা ফ্লুইড না লাগিয়ে সঠিক বৃত্তটি ভরাট করতে হবে। এ ক্ষেত্রে একই সারিতে একাধিক বৃত্ত ভরাট থাকতে পারে। মূল উত্তরপত্রগুলো আলাদাভাবে সাজানো বা আলাদাভাবে প্যাকেট করা যাবে না। কক্ষ প্রত্যক্ষবেক্ষক উত্তরপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। কক্ষ প্রত্যক্ষবেক্ষকের স্বাক্ষরের পর উত্তরপত্রের কভার পৃষ্ঠায় কোন প্রকার ভুল থাকলে সংশ্লিষ্ট কক্ষ প্রত্যক্ষবেক্ষকের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার্থী স্বাক্ষর লিপিতে স্বাক্ষর করবে। কোন পরীক্ষার্থী সৃজনশীল পরীক্ষার সময় অতিরিক্ত উত্তরপত্র গ্রহণ করলে কক্ষ প্রত্যক্ষবেক্ষক সাথে সাথে পরীক্ষার্থী কর্তৃক মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় (OMR) অতিরিক্ত উত্তর পত্রের সংখ্যার জন্য নির্ধারিত স্থানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লিখিয়ে নেবেন এবং বাম পার্শ্বে বৃত্তাকার ঘরও পরীক্ষার্থী কর্তৃক ভরাট করিয়ে নেবেন। অতঃপর অতিরিক্ত উত্তরপত্রের নির্ধারিত স্থানে পরীক্ষার্থী কর্তৃক বিষয় (পত্রসহ), বিষয় কোড ও পরীক্ষার তারিখ যথাযথভাবে লিখার পর কক্ষ প্রত্যক্ষবেক্ষক নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্রের সাথে সেলাই করে সংযোজন করতে হবে। কোন ক্রমেই স্টেপলিং করা যাবে না।
২৫.৪. কর্তব্যরত কক্ষ প্রত্যক্ষবেক্ষক পরীক্ষা আরম্ভ হওয়ার প্রথম দিনেই স্বাক্ষরপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণের সময় প্রত্যেক পরীক্ষার্থীর পঠিত বিষয়সমূহ পরীক্ষার্থীকে অবহিত করবেন। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রের বিষয়ের গড়মিল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তিনি কেন্দ্র সচিবকে বিষয়টি অবহিত করবেন। পরীক্ষা চলাকালীন সময়েও বিষয়ের গড়মিল পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করে সংশোধন করে নিতে হবে। এ বিষয়ের পরে কোন সংশোধন গ্রহণযোগ্য হবে না।
২৫.৫. প্রত্যহ সকাল/বিকালের সৃজনশীল ও বহুনির্বাচনি পরীক্ষার সময় পরীক্ষার্থীরা পৃথক স্বাক্ষরপত্রে স্বাক্ষর করবে। কর্তব্যরত কক্ষ প্রত্যক্ষবেক্ষণ প্রত্যেক বিষয়ে ও পত্রে পরীক্ষার দিন ও সময়ে সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক অংশে পরীক্ষার্থীর স্বাক্ষরের পার্শ্বে অনুস্বাক্ষর করবেন। স্বাক্ষর পত্রে প্রত্যেক বিষয়ের জন্য রক্ষিত স্থানে যাতে পরীক্ষার্থীর স্বাক্ষর সীমাবদ্ধ থাকে সেদিকে তাকে লক্ষ্য রাখতে হবে।
২৫.৬. স্বাক্ষর লিপিতে পরীক্ষার্থীর সঠিক বিষয় উল্লেখপূর্বক উপস্থিতির স্বাক্ষর নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীর বিষয় নেই এরূপ কোন বিষয় উল্লেখ করা যাবে না। কোন পরীক্ষার্থী কোন বিষয় বা কোন পত্রে অনুপস্থিত/বহিষ্কৃত হলে স্বাক্ষর লিপিতে উক্ত বিষয়ের/পত্রের নাম স্পষ্ট অক্ষরে লিখে পরীক্ষার্থীর স্বাক্ষরের ঘরে অনুপস্থিত/বহিষ্কৃত শব্দটি লাল কালিতে লিখে প্রত্যক্ষবেক্ষক তার স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করবেন। এক্ষেত্রে কোন প্রকার ভুলের কারণে পরীক্ষার্থীর ফল প্রকাশে বিঘ্ন সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রত্যক্ষবেক্ষকের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৫.৭. কোন পরীক্ষার্থী কক্ষ প্রত্যক্ষবেক্ষককে কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলে কক্ষ প্রত্যক্ষবেক্ষক তার নিকট না আসা পর্যন্ত তার আসন হতে উঠে দাঁড়িয়ে থাকবে। পরীক্ষার্থী কখনও আসন ত্যাগ করতে পারবে না। বহিষ্কৃত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ কোন অবস্থাতেই ছেঁড়া যাবে না।
২৫.৮. কক্ষ প্রত্যক্ষবেক্ষক হল সুপারের অনুমতি ব্যতীত কোন অবস্থাতেই তাঁর জন্য নির্দিষ্ট কক্ষ ত্যাগ করতে পারবেন না।
২৫.৯. কক্ষ প্রত্যক্ষবেক্ষক পরীক্ষার সময় অসদুপায় অবলম্বন নিরোধ করার জন্য নিয়মাবলি মেনে চলার প্রতি পরীক্ষার্থীদের নির্দেশ দান করবেন। পরীক্ষা কক্ষে কোন বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা কেন্দ্র সচিব অথবা হল সুপারের গোচরে আনবেন।
২৫.১০. প্রত্যেক কক্ষ প্রত্যক্ষবেক্ষক তাঁর তত্ত্বাবধানে নিযুক্ত পরীক্ষার্থীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। কর্তব্যরত অবস্থায় পরীক্ষার্থীদের পরীক্ষাদানে বিঘ্ন ঘটে এরূপ কোন কাজে তিনি লিপ্ত থাকতে পারবেন না।
২৫.১১. কক্ষ প্রত্যক্ষবেক্ষক নিজে এবং কেন্দ্রের কাজে নিয়োজিত কোন কর্মকর্তা/কর্মচারী পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা পরিচালনার প্রয়োজনীয় নির্দেশাবলি ব্যতীত অন্য কোন কথা বলা বা যোগাযোগ করতে পারবেন না।
২৫.১২. ভারপ্রাপ্ত কর্মকর্তা/কেন্দ্র সচিবের নির্দেশ না থাকলে পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষার্থীর নিকট কোন ফোন বা সংবাদ আসলে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তা পরীক্ষার্থীকে দেওয়া যাবে না।
২৫.১৩. কক্ষ প্রত্যক্ষবেক্ষক তাঁর কক্ষের সকল পরীক্ষার্থীর উত্তরপত্র পরীক্ষা শেষে সংগ্রহ করবেন। কক্ষ প্রত্যক্ষবেক্ষক লক্ষ্য রাখবেন কোন পরীক্ষার্থী যেন পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে তার উত্তরপত্র জমা না দিয়ে অথবা ডেক্সের উপর ফেলে রেখে না যায়।
২৫.১৪. পরীক্ষা শেষে উত্তরপত্র স্বাক্ষরপত্রের সঙ্গে যাচাই করে কক্ষ প্রত্যক্ষবেক্ষক ও জ্যেষ্ঠ প্রত্যক্ষবেক্ষক এ মর্মে নিশ্চিত হতে হবে যেন উপস্থিত সকল পরীক্ষার্থীর উত্তরপত্র সংগৃহীত হয়েছে।

২৫.১৫. কোন পরীক্ষার্থী নৈর্ব্যক্তিক উত্তরপত্রে সেট কোডের বৃত্ত ভরাট ভুল করলে ভরাটকৃত সেটেই উত্তরপত্র মূল্যায়ন করা হবে। সেট কোডের বৃত্ত ভরাটের ব্যাপারে পরীক্ষার পরে কোন সংশোধন গ্রহণযোগ্য হবে না। কোন পরীক্ষার্থী সেট কোডের কোন বৃত্ত ভরাট না করলে অথবা সেট কোডের একাধিক বৃত্ত ভরাট করলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

২৫.১৬. কক্ষ পর্যবেক্ষকগণ ও সংশ্লিষ্ট সকলেই লক্ষ্য রাখবেন যাতে সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠা (OMR) এবং নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্রে কোন অবস্থাতেই ভাঁজ না পড়ে। এ ব্যাপারে পরীক্ষার্থীদের বারবার সতর্ক করতে হবে।

২৫.১৭. পরীক্ষা শেষ হওয়ার পর কক্ষ পর্যবেক্ষক লক্ষ্য রাখবেন, সকল উত্তরপত্র সংগৃহীত না হওয়া পর্যন্ত যেন কোন পরীক্ষার্থী আসন ত্যাগ না করে। পরীক্ষার্থী কক্ষ ত্যাগের পর তিনি সমুদয় উত্তরপত্র প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হবেন। যদি কোন পরীক্ষার্থী তার উত্তরপত্র দাখিল না করে কক্ষ ত্যাগ করে তাহলে তৎক্ষণাৎ বিষয়টি লিখিতভাবে কেন্দ্র সচিব/কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার গোচরে আনবেন।

২৫.১৮. কক্ষ পর্যবেক্ষক তাঁর কক্ষে প্রশ্ন পত্রের ব্যাখ্যা, প্রশ্নের উত্তরের ইঙ্গিত দান বা বোর্ডের নির্দেশ ব্যতীত কোন প্রকার ভুল সংশোধন করতে পারবেন না।

২৫.১৯. প্রতিটি বিষয় ও পত্রের সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ খুব সাবধানতার সঙ্গে সঠিকভাবে ছিঁড়বেন এবং সকল উত্তরপত্রের কভার পৃষ্ঠার ছেঁড়া প্রথম অংশে উক্ত বিষয়ের স্বাক্ষরলিপির উপস্থিতি ও উত্তরপত্রের সংখ্যার মিল নিশ্চিত করতে হবে এবং নৈর্ব্যক্তিক উত্তরপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপিসহ তিনি হল সুপারের নিকট জমা দেবেন।

২৫.২০. পরীক্ষা পরিচালনার অনুচ্ছেদ ২৪ এ কক্ষ পর্যবেক্ষকের করণীয় উপ অনুচ্ছেদ ২৪.১ থেকে ২৪.২০ পর্যন্ত বর্ণিত দায়িত্বগুলো যথাযথ পালন করার জন্য অনুরোধ করা হলো। এর যেকোনো এক বা একাধিক দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কক্ষ পর্যবেক্ষকসহ কেন্দ্র সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে এবং সেই সাথে কেন্দ্র বাতিল করার সিদ্ধান্ত নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post