যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানিয়েছে যে, চলমান এসএসসি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।
এ প্রেক্ষিতে, ২০-০৪-২০২৬ তারিখে পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিআইসি) কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে "এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ" নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিটিআইসির একটি বিশেষ দল ২৩-০৪-২০২৬ তারিখে ঢাকা আশুলিয়া থানার জিরাবো টঙ্গাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মূল হোতাসহ ৪ (চার) জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে প্রশ্ন ফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত।
এমতাবস্থায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সকলকে সচেতন থাকার জন্য শিক্ষা বোর্ড বিশেষভাবে অনুরোধ করেছে।

Post a Comment